× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তবর্তী সরকারের উদ্বেগ নাকচ ভারতের

বিবিসি বাংলা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:০২ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৪ পিএম

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : বিবিসি

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : বিবিসি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি ও উদ্বেগ জানিয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কিছু বিষয়ে ভারতের কাছে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরে।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ই ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, ভারত তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে ভারত সবসময়েই তার অবস্থান জানিয়ে আসছে।’

এতে আরও বলা হয়, ‘বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা আশা করছি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটির অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’

এর আগে রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন—এমন অভিযোগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।

বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

এসময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়ার দণ্ডের মুখোমুখি করতে দ্রুত তাদের দেশে প্রত্যার্পণেরও আহ্বান জানায় বাংলাদেশ।

পাশাপাশি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এ সময় ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা