প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১ পিএম
হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রবিবার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) একজন সদস্য। ২০১০ সালে তিনি ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ নামে একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া তার মালিকানাধীন ‘ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড’ ২০১৬ সালে বেসিস ও সরকারের আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল।
ব্যবসায়িক পরিচয়ের বাইরে ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে তিনি সদস্য পদ পান।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারার সাদৃশ্য থাকায় গুলি ছোড়ার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে।
এরইমধ্যে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।