প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৯৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরের শুরু থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ জনে। আর গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় এ বছরের শুরু থেকে গতকাল সকাল ৮ টা পর্যন্ত মৃত্যু সংখ্যা অপরিবর্তিত ৪০৪ জনই রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেÑ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে যথাক্রমে হাসপাতালে ভর্তি হয়েছে— চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে কেউ আক্রান্ত হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৪১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৯৮ হাজার ২৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।