× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্তানতূল্য হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:২২ পিএম

শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিজের সন্তানতূল্য উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাদি আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। একইসঙ্গে হাসপাতালে হাদিকে দেখতে যাওয়ার পর যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢামেকে গিয়ে তোপের মুখে পড়েন মির্জা আব্বাস। এ বিষয়ে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমি ঢাকার ছেলে। দীর্ঘ ৫০ বছর ঢাকায় রাজনীতি করি। আমি শান্ত ছিলাম। আমার নির্দেশনা পেলে কর্মীরা তোমাদের তুলোধুনো করতো কিন্তু আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো।’

গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থীর প্রতি সহমর্মিতা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সে আমার সন্তানতূল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। হাদি আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাবো সেই প্রত্যাশা করি।’

হাসপাতালে স্লোগান ও হট্টগোলের ঘটনায় অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, ‘দুপুর দুইটার দিকে হাদি গুলিবিদ্ধ হন। আধাঘণ্টার মধ্যেই একটি গোষ্ঠী উত্তেজনা ছড়াতে ফেসবুকে পোস্ট দিতে শুরু করে। পরে হাসপাতালে গিয়ে আমি বুঝতে পারি, পুরো ঘটনাই ছিল পরিকল্পিত। যারা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করেছে, তারা হাদির সমর্থক নয়; তারা একটি বিশেষ দলের লোক। তাদের উদ্দেশ্য ছিল হাদির চিকিৎসা ব্যাহত করা এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।’

নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি দলের ষড়যন্ত্র আমরা ১৯৭১ ও ১৯৮৬ সালসহ অনেক দেখেছি। এদের মূল শক্তিই ষড়যন্ত্র। এরা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না। তাই রাষ্ট্রকে সবসময়ই অস্থিতিশীল রাখতে চায়। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাদের এক-দেড়শ লোক ফেসবুকে মব সৃষ্টির জন্য উস্কানি দিয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘৭৭ সাল থেকে নির্বাচন করে আসছি। কারও সঙ্গে মারামারি হয়নি। একসঙ্গে প্রার্থীরা কোলাকুলি করেছি, খেয়েছি। মারামারি করে আওয়ামী লীগ। আর নির্বাচনসহ রাষ্ট্রকে অস্থির করে সেই বিতর্কিত রাজনৈতিক দল। আমরা চাই হাদির ওপর হামলাকারী গ্রেপ্তার হোক এবং বিশেষ দলের মুখোশ উন্মোচিত হোক।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রকৌশলী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ অনেকে।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও ফকিরাপুল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা