বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিক্ষোভ-সমাবেশ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘হাদি ভাইকে গুলি করে, ইন্টেরিম কী করে’, ‘হাদি ভাইয়ের উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবাহ এই হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে বলেন, এই সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে তারা পরিচয়হীন অবৈধ সন্তান। আইনের ওপর আমরা সবসময় ভরসা রেখেছি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রেখে চলেছি। কিন্তু আজ সেই আস্থারই নির্মম পরিণতি— আমাদের প্রিয় হাদি ভাই গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনাদের ক্ষমতায় বসিয়েছে কোনো দল নয়; আপনাদের ক্ষমতায় বসিয়েছিল এই দেশের মানুষ, সেই জুলাইয়ের জনতা। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আপনাদের প্রথম দায়িত্ব, আর সেই জায়গায় আপনারা বারবার লজ্জাজনক ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, আমি সতর্ক করে বলছি, সময় খুব বেশি নেই। এই হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে হবে। যারা এ ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী, সেই মাস্টারমাইন্ডদেরও জনগণের সামনে প্রকাশ করে দৃশ্যমান আইনি প্রক্রিয়ার আওতায় আনতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন একমাত্র পথ।
তিনি অনুরোধ জানিয়ে বলেন, এ মুহূর্তে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও বিপন্ন হবে। ওসমান ভাইয়ের ওপর হামলা শুধু একজন মানুষের ওপর হামলা নয়; এটি জুলাইয়ের চেতনার ওপর হামলা, বাংলাদেশের সাহস ও মর্যাদার ওপর হামলা।
আর যারা বিদেশের মাটিতে বসে ভেবে বসেছেন, আবারও এই দেশে নিজেদের আধিপত্য কায়েম করবেন, তাদের উদ্দেশে শুধু এটাই বলব- আপনারা দুঃস্বপ্ন দেখছেন। বাংলাদেশ কোনোদিন অন্যায় ও চাপের কাছে মাথা নত করবে না।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশা করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।