× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদিকে গুলির ঘটনায় বিএনপির দেশব্যাপী বিক্ষোভ শনিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

হাদিকে গুলির ঘটনায় বিএনপির দেশব্যাপী বিক্ষোভ শনিবার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

এই ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ মন্তব্য করে শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, “দুস্কৃতিকারীরা ওসমান হাদীকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।”

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হাদির ওপর গুলি করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক হামপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে।”

হাদিকে ‘লাইফ সাপোর্ট’ রাখা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি।

ঘটনার সময় হাদির সঙ্গে পথসভার একজন জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়কের বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে। একই তথ্য দিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শরীফুল ইসলামও।

হাদির এক সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে।

শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি দেশব্যাপী বেশ পরিচিতি পান।

হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে, বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেছারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষাজীবনের শুরু, পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এক সময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুরস এ শিক্ষকতা করেছেন হাদি। সর্বশেষ ইউনিভার্সিটি অব স্কলারস নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা