প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১২:২১ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:০৫ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র সম্বল।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই। আমি গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।’
ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।