রাজশাহী অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮ পিএম
রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। ছবি: প্রবা
রাজশাহীতে ভূগর্ভস্থ পানি তোলার জন্য খনন করা গভীর গর্তে পড়া দুই বছর বয়সী শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে।
এ বিষয়টি জানিয়েছেন তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বার্নাবাস হাসদাক। তিনি বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।’
বুধবার দুপুর সোয়া ১টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে বিলে মা রুনা খাতুনের সঙ্গে যাওয়ার সময় শিশুটি একটি পরিত্যক্ত গভীর নকলকূপে পড়ে যায়। সে ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া শিশুটিকে অচেতন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস, এরপর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাত ৯ টায় শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানাবেন।’
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় তানোর ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান জানান, শিশুটির স্বাভাবিক শ্বাস - প্রশ্বাসের (ভেন্টিলেশন) জন্য যে পাইপটি গর্তের ভেতরে ঢুকানো হয়েছিল সেটি এখন সরিয়ে ফেলা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
বরেন্দ্র মাঠে মরণ ফাঁদ
কয়েকজন গ্রামাবসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই জমিতে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনের জন্য গত বছর খনন কাজ শুরু হয়। তবে ১২০ ফুট খননের পর পানি না মেলায় সেখানে কাজ বন্ধ করা হয়। তবে গভীর গর্তটি সেভাবেই রয়ে যায়। গর্তটি ৮ ইঞ্চি থেকে ১ ফুট প্রশস্ত হলেও বর্ষায় তা আরও বেড়ে গেছে।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এসব এলাকায় গভীর নলকূপ স্থাপন আইনত নিষিদ্ধ।
এসব এলাকার বাসিন্দারা কৃষি জমিতে সেচের পানির জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল, যা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সরবরাহ করে থাকে। তবে অধিক লাভের আশায় অনেকেই অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করে থাকে।
এমনই একটি কূপ খননের চেষ্টা করে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল হাট গ্রামের বাসিন্দা বাসির, যেখানে পড়ে শিশু সাজিদের মৃত্যু হলো।
বৃহস্পতিবার দুপুর থেকে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।