প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আসিফ মাহমুদের ফেসবুক পেইজ থেকে
জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন ও তাদের সঙ্গে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
যুব ও ক্রীড়া এবং সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন বুধবার।
এরপর বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা এই দুইজনের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে বুধবার জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেখানে জুলাইয়ের ছাত্র নেতৃত্ব থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তখন নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আবার দায়িত্ব পুনর্বন্টন হলে আসিফকে যুব ও ক্রীড়া এবং সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে সরকার গঠনের কিছুদিনের মধ্যে মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে দুই উপদেষ্টার পদত্যাগে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে নাকি পুরোনোদের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
সরকারের ভেতরে আলোচনাই চলছে- উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।