প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২২:২১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২২:২৬ পিএম
খালেদা জিয়া। ফাইল ফটো
আউসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাই তার স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, সংকটাপন্ন মানুষের যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই রয়েছেন তিনি (খালেদা জিয়া)। দেশেই বেগম খালেদা চিকিৎসায় সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। এখনই তাকে বিদেশে নেয়া হচ্ছে না। কিন্তু যেকোনো প্রয়োজনে দেশের বাইরে নেয়া হতে পারে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, ম্যাডাম (খালেদা জিয়া) একজন রোগী। ইচ্ছা করলেই আমি তার সম্পর্কে সকল কিছুই আপনাদের কাছে আমি বলতে পারি না। আর মেডিকেল সায়েন্সেও এটি পারমিট করে না। তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, ডা. জুবাইদা রহমানও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক, তবে অতি আবেগের বশবর্তী হয়ে কেউ গুজব ছড়াবেন না।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। তার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে বলে মেডিকেল বোর্ডের একটি সূত্র জানিয়েছে।
গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।