প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০৯ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি
গত বছরের জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাসিনার বাংলাদেশে ফেরত আসা শেষ পর্যন্ত নির্ভর করবে নয়াদিল্লির সদিচ্ছার ওপর।’ তিনি বলেন, ‘আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা করব, তাকে (হাসিনাকে) ফেরত পাঠাতে।’
হাসিনার সম্ভাব্য তৃতীয় দেশে পুনর্বাসন সম্পর্কে উপদেষ্টা জানান, তিনি এ ধরনের দাবি শুধু গণমাধ্যমেই দেখেছেন। কূটনৈতিক মাধ্যমে কোনো তথ্য পাননি বলেও জানান তিনি।
জুলাই আন্দোলনে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। কামালও ভারতে অবস্থান করছেন।
সেদিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার। এরপর ২৩ নভেম্বর ভারতকে কূটনৈতিকপত্র পাঠায় সরকার। তার তিনদিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে। তবে শেখ হাসিনা ও কামালকে ফেরত দেওয়া হবে কি না সে বিষয়ে ভারত এখনো কিছু জানায়নি।
মানবতাবিরোধী অপরাধের মামলার পর প্লট দুর্নীতির মামলায়ও শেখ হাসিনাকে কারাদণ্ড হয়েছে।