প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০০ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশু ও নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ভোর চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, মোছা. জরিনা বেগম (৬৫), মো. আলাউদ্দিন (৩৫), সিফা আক্তার (১৪) ও শিশু সিমলা (৪)।
দুগ্ধদের নিয়ে আসা সালমা আক্তার জানান, আমার ভাতিজির বাসার রান্নাঘরে গ্যাসের লাইনের গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমার ভাতিজিসহ পরিবারের ৪ সদস্য দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওনবিন রহমান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আজ ভোরের দিকে শিশু ও নারীসহ ৪ জন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে জরিনা বেগমের শরীরে ২০ শতাংশ দগ্ধ, আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিফা আক্তারের ১২ শতাংশ ও শিশু সিমলার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিন ও শিশু শিমলা দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে রাখা হয়েছে ও অন্যান্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।