প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ২০০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরের শুরু থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮২৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত কারও মৃত্যু না হওয়ায় এ বছরের শুরু থেকে গতকাল সকাল ৮ টা পর্যন্ত মৃত্যু সংখ্যা অপরিবর্তিত ৩৯৪ জনই রয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৯২ জন করে হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের জেলা-উপজেলায় ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের জেলা-উপজেলায় ৯২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমেÑ বরিশাল বিভাগে ১৪ জন এবং খুলনা বিভাগে ২ জন। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২৬ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২৪ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।