প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আবুল হোসাইন (৮৭) নামে এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ নভেম্বর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কারারক্ষী মোঃআরমান জানান, গত ২৯ নভেম্বর রাত আটটার দিকে দিকে আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সোয়া ৭টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আবুল হোসাইন কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডাদেশ-প্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।