প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ পিএম
প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। ছবি: সংগৃহীত
নানা জটিল রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে।
হাসপাতালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।
প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্যে ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে।
এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়।