প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
নানা জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে। তিনি চিকিৎসা নিতে পারছেন। তার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি। আমরা দোয়া করি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।
এর আগে, মঙ্গলবার রাত ৯টার পর ক্রমান্বয়ে খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।