প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ২২:৫৯ পিএম
দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এসব কর্মকর্তার পদায়ন করল সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সূত্র জানায়, সম্প্রতি লটারিতে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। তবে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না। মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।
পদায়নের মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়। এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।