× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯ এএম

তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

উত্তরাঞ্চলে শীতের অনুভূতি দিন দিন বাড়ছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় তেতুলিয়া পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর প্রভব স্পষ্ট হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ যারা ভোরে কাজে বের হন, তারা সবচেয়ে বেশি শীত অনুভব করছেন।

এদিকে, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী দুই থেকে তিন দিন রাত ও ভোরের তাপমাত্রা আরও কমতে পারে। কুয়াশার ঘনত্বও বাড়বে।

তিনি আরও বলেন, এই আবহাওয়ায় বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ভোরের দিকে রাস্তায় কুয়াশা বেশি থাকে, তাই চালক এবং পথচারী উভয়কেই সাবধানতার সঙ্গে চলাফেরা করা উচিত।

সকালে বাজারে গরম কাপড়ের দোকানে মানুষের ভিড় দেখা গেছে। শ্রমজীবী মানুষরা শীত উপেক্ষা করেই কাজে বের হলেও ঠান্ডার কারণে কষ্ট বেড়ে গেছে।

হিলি বাস টার্মিনালে কথা হয় দৈনিক শ্রমিক রওশন আলীর সঙ্গে। তিনি বলেন, ভোরে কাজে বের হতে খুব কষ্ট হচ্ছে। কুয়াশায় রাস্তাও ঠিকমতো দেখা যায় না। তবুও পেটের দায়ে বের হতে লাগে।

হোটেল ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, সকালবেলার ভিড় এখন একটু দেরিতে হচ্ছে। শীত বাড়ার কারণে দোকান খুললেও আগের মতো তাড়াতাড়ি লোক আসে না।

এদিকে স্কুলগামী শিক্ষার্থীরাও শীতের প্রভাব অনুভব করছে। হাকিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মেহজাবিন আক্তার বলেন, সকালে কুয়াশার জন্য ঠান্ডা লাগে খুব। স্কুলে যেতে কষ্ট হয়, তবে ক্লাস বন্ধও রাখা যায় না।

হিলি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির বলেন, এ সময় সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই গরম কাপড় ব্যবহার, ভোরের ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং ছোট শিশুদের বাইরে কম নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি।

সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলে শীত তার উপস্থিতি জানান দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা