প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২২:১৫ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৩ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ফটো
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার (১ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।