ইসি সচিব
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২২:১০ পিএম
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি
নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তারা অনেক সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন, যা এবার নিষিদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এ ধরনের আচরণ রোধে কমিশন ভাতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনি সময়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ জানান, নতুন করে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হবে না। শনিবারের ‘মক ভোটিং’ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কেন্দ্র না বাড়ালেও ভোটারের স্বাভাবিক ভোটদানের গতি নিশ্চিত করতে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন বুথ স্থাপন করতে হবে। স্ট্যাম্পিংয়ের জন্য বুথ বাড়ালে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া কারিগরি সমস্যার কারণে সাময়িক স্থগিত থাকলেও এখন তা পুনরায় চালু করা হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, ঠিকানা বা বানান সংশোধনের মতো নতুন কিছু সুবিধা এবার যুক্ত করা হয়েছে। তথ্য সংশোধনের ‘এডিট মোড’ পূর্বে সীমিত ছিল, এখন তা সম্প্রসারিত করা হয়েছে।
সচিব আরো জানান, জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়কে ‘কন্টাক্ট পয়েন্ট’ নির্ধারণ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তেজগাঁও ও এয়ারপোর্টে অবস্থিত ব্যালট পেপার প্রিন্টিং ও সর্টিং সেন্টার পরিদর্শনের জন্য ডাক বিভাগকে অংশীজনদের নিয়ে ভিজিটের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে বাস্তব পরিস্থিতি বুঝতে সুবিধা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এসব বিষয়ে প্রধান দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা জানিয়েছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো সমস্যা নেই। তারা অতিরিক্ত কোনো জটিলতা এড়াতে সতর্ক রয়েছে।
এর আগে, রবিবার দুপুর ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, সার্বিক সমন্বয় ও নিয়োগ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে ২১টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং দপ্তর প্রধানদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করে নির্বাচন কমিশন।
তথ্যসূত্র : বাসস