টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৪:৫২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৫:০৫ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ছবি : সংগৃহীত
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ঘোষিত কর্মবিরতি পালিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সব ‘হাসপাতাল শাটডাউন’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তবে বেসরকারি হাসপাতালগুলোতে এই কর্মসূচি পালিত হয়নি।
সরেজমিনে ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলিতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়নি। সরকারি হাসপাতালে কর্মবিরতি পালনকালে রোগীদের রক্ত পরীক্ষা, এক্সরে, সিটি স্ক্যান, এম আর আই পরীক্ষা করাতে চরম ভোগান্তি পোহাতে হয়। অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠান- ল্যাব এইড ডায়াগনস্টি এন্ড হাসপাতাল, ইসলামি ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ডায়গনেসটিক সেন্টার ও হাসপাতাল, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, বি এস এইচ হাসপাতালসহ বেসরকারি হাসপাতালগুলোতে কার্যক্রম স্বাভাবিক ছিল।
পরিষদের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তুষার আহমেদ নিলয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানলেও তা বাস্তবায়ন হয়নি। তাই ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে আমরা ২৬-২৯ নভেম্বরের মধ্যে দাবি যাওয়া মেনে নিতে সরকারকে সময় দিয়েছিলাম। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় আমরা রবিবার সব হাসপাতালে সকাল ৯টা থেকে ১১টা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।’
তিনি বলেন, ‘সামনে কর্মবিরতির সময় বাড়বে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যেও যদি আমাদের দাবি আদায় না হয় তবে ৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান শাটডাউন ঘোষণা করা হবে।’