× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজফিড জুড়ে কেবল খালেদা জিয়ার জন‍্য প্রার্থনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নানা জটিল রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’; তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ‍সুস্থতা কামনায় দেশ ও দেশের বাইরে বিএনপি ছাড়াও দল-মত নির্বিশিষে অন্যান্য রাজনৈতিক দল, সরকার, বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, আলোচিত ব্যাক্তি এবং সাধারণ মানুষ দোয়া করছেন। সোশাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে সবচেয়ে বেশি তাঁকে নিয়েই পোস্ট দেওয়া হচ্ছে। কেউবা স্মৃতিচারণ করছেন, কেউ তার গণতন্ত্র রক্ষায় আপোষহীন মনোভাব, সাহস এবং দেশের জন্য ব্যক্তিগত ত্যাগের কথা লিখছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ ও জাতির কাছে দোয়া চেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফি আমানিল্লাহ্, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দেশ ও জাতির কাছে দোয়ার দরখাস্ত।’

আলোচিত ইসলামিক ব্ক্তা ও ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী খালেদা জিয়ার দেশপ্রেম ও ব‍্যক্তিত্বের কথা তুলে ধরে তাঁর জন্য দোয়া চেয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।’

‘বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাঁকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দুআ ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের।’

‘আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।’

তিন বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৮ নভেম্বর) তিনি খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে ফিরে ফেসবুক পোস্টে লিখেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’ 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মহান আল্লাহ তা’আলার কাছে তার পূর্ণ আরোগ্য ও সুস্থতা কামনা করি। এই গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময়, যখন দেশ পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, সে প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ক্রীড়াঙ্গন ও বিনোদন পাড়ার তারকারাও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার নিউজফিড জুড়ে খালেদা জিয়ার জন‍্য মানুষের দোয়া প্রার্থনা। এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে?'

‘কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ‍্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার এটা এক প্রকার ব্লেসিংস। সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেছন। পাশাপাশি ফেসবুক পোস্টে তিনি লিখেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন। দেশের স্থিতিশীলতা এবং রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাকে খুবই প্রয়োজন। আল্লাহ! আপনি তাঁকে সুস্থ করে দিন। আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তাওফিক দিন। আমিন।’

এছাড়াও, অসংখ্য বিএনপি কর্মী, সমর্থক এবং সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত প্রোফাইল থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্ট ও মন্তব্য করছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 

টানা দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে কারাবরণ করা খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। 

এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ গত রবিবার (২৩ নভেম্বর) তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা