প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৫ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এ ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসে যোগাযোগও করা হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলীয় মুখপাত্র মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন।
মাহদী আমিন স্ট্যাটাসে জানান, বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন তারা। মায়ের চিকিৎসায় যেন কোনো ধরনের বিলম্ব বা সীমাবদ্ধতা না ঘটে, সে বিষয়ে তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনায় তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন লিখেন, ‘আমরা যতটুকু শুনেছি, নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। চলতি বছর লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী।’ এ জন্য সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তারেক রহমানের এই উপদেষ্টা স্ট্যাটাসের শেষে আশা প্রকাশ করেন, আধুনিক চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া আবারও জাতির অভিভাবক হিসেবে নেতৃত্ব দেবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করবেন।