× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজার ৬৬০ প্রবাসীর নিবন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজার ৬৬০ প্রবাসীর নিবন্ধন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার। ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে ইসি আশা করছে আজ পুনরায় সেগুলো চালু হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, সাত দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।

অ্যাপের মাধ্যমে এখন প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসি। এ বিষয়ে বুধবার রাতে দেওয়া কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচদিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোন সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন ।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। 

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। 

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা