প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ফটো
দণ্ডপ্রাপ্ত ও অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের কাছে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব পাওয়া যাবে— এমন প্রত্যাশা করছে না ঢাকা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি না, চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে। তবে আমরা জবাবের প্রত্যাশায় করছি।
তিনি জানান, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) -এর রায়ের পর ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক নোট ভার্বাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়।
গত ১৭ নভেম্বর আইসিটি-১ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পরদিনই বাংলাদেশ পলাতক দুই দণ্ডপ্রাপ্তকে দেশে ফেরত আনার ঘোষণা দেয়। তখন উপদেষ্টা তৌহিদ বলেন, আমরা আমাদের অবস্থান ভারতকে জানাবো। চিঠিটি আজ রাতে বা কাল সকালে যাক, নিশ্চিতভাবেই যাবে।
বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অতীতেও ভারতের কাছে অনুরোধ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এখন পরিস্থিতি ভিন্ন। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত, মন্তব্য করেন তিনি।
তিনি আরও নিশ্চিত করেন যে, নোট ভার্বালটি দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতাতেই পাঠানো হয়েছে।