প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ০৯:৫২ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম
দূষিত শহরের চিত্র
বিশ্বের দূষিত শহরের তালিকায় সোমবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ২২৫। আর দিল্লির বায়ুর মান ৪০৫। বায়ুর মান ২০০–র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০০–র বেশি হলে তা হয় দুর্যোগপূর্ণ।
ঢাকার সাত স্থানের বায়ু আজ খুব অস্বাস্থ্যকর। সেগুলো হলো- ইস্টার্ন হাউজিং (২৫৭), দক্ষিণ পল্লবী (২৫২), বে’জ এজ ওয়াটার (২৪৮), বেচারাম দেউড়ি (২৩৯), কল্যাণপুর (২২৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৬) ও গোড়ান (২১১)।
এক সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন।
আইকিউএয়ারের বায়ুদূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু সতর্কতার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো বাইরে বেরোলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যথাসম্ভব কমাতে হবে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।