× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে আসলে রাষ্ট্রপ্রধান তাঁকে স্বাগত জানান।

পরে বঙ্গভবনের ক্রেডেনসিয়াল হলে তাঁরা এক আনুষ্ঠানিক আলোচনায় বসেন।

ভুটানের সাথে বাংলাদেশের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ভবিষ্যতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে।

ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য খাতে আগামী দিনে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন রাষ্ট্রপতি।

এ সময় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল কলেজে আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে উভয় দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় তিন দিনের সফরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।

সেখানে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হওয়ার পর শেরিং তোবগেকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শেরিং তোবগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে সই করেন।

আজ রবিবার বৈঠক শেষে সফররত ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনের ‘পরিদর্শন বই’ এ স্বাক্ষর করেন।

ভুটানের প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ডি এন. ধুঙ্গেল, শিল্প-বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (এমওআইসিই) মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি প্রমুখ।

এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোঃ নূরুল আমিন, বঙ্গভবনের সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরীসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা