প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম
বামে শেখ হাসিনা, ডানে আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরত দিতে দিল্লিকে ফের চিঠি দিয়েছে ঢাকা।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত পরশু দিন (শুক্রবার) দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে।’
গত বছরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে হওয়া মামলায় দোষী সাব্যস্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারত সরকারের আশ্রয় নেন এবং সেখানেই আছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে অন্তর্বর্তী সরকার বার বার ফেরত চাইলেও চুপ আছে ভারত। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর আবারও তাকে ফেরাতে চিঠি দিল সরকার।