প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১২:০১ পিএম
ছবি: সংগৃহীত
তিন দিনের সরকারি সফরে শনিবার (২২ নভেম্বর) ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে, ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
তোবগে এবং তার সফরসঙ্গীদের বহনকারী ড্রুকএয়ারের একটি ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার।
প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী, পরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে।এছাড়াও,
সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগে তার সম্মানে আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।