প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ০১:৫৮ এএম
ব্রাজিলের বেলেমে চলমান কপ৩০ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের স্থলে বৃহস্পতিবার অগুন লাগলে জরুরি ভিত্তিতে পুরো প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়।
আলোচনার জন্য ব্যবহৃত প্রধান স্থান, 'ব্লু জোন'-এর একটি প্যাভিলিয়নে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্মেলনের আয়োজক এবং ব্রাজিলের পর্যটন মন্ত্রী উভয়েই নিশ্চিত করেছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিভিয়ে ফেলেন। ভেন্যুর একটি অস্থায়ী কাঠামোতে আগুন লাগায় দ্রুততার সাথে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আতঙ্কের সৃষ্টি করে।
আগুন লাগার পরপরই ব্রাজিলের ফায়ার সার্ভিস পুরো সম্মেলনের এলাকা থেকে সব প্রতিনিধি ও কর্মীকে সরিয়ে নেয়। জাতিসংঘের জলবায়ু সংস্থা (ইউএনএফসিসিসি) জানিয়েছে, ফায়ার সার্ভিস প্রাঙ্গণে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা চালাবে। আয়োজকরা পরে নিশ্চিত করেন যে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার আগে ভেন্যু আর খোলা হবে না। ফলস্বরূপ, জলবায়ু আলোচনার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
এই অগ্নিকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন প্রায় ২০০টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং জলবায়ু অর্থায়ন বাড়ানোর মতো জটিল বিষয়ে অচলাবস্থা ভাঙার জন্য শেষ মুহূর্তের আলোচনায় ব্যস্ত ছিলেন। মূলত, এই সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত বুধবারের সময়সীমা ইতোমধ্যে মিস হয়েছিল। এখন আলোচনার এই আকস্মিক স্থগিতাদেশ চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় আরও বিলম্ব ঘটাতে পারে।
আয়ারল্যান্ডের জলবায়ু মন্ত্রী এবং তার প্রতিনিধিদলসহ বিশ্বের বহু কর্মকর্তা ঘটনার সময় কাছাকাছি ছিলেন এবং জরুরিভাবে সরে আসেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়, তবে একটি জেনারেটরের ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।