প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২৩:২৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ, আর নারী ভোটার ৪.১৬ শতাংশ। নতুন তালিকায় নারী ভোটার বেড়েছে। অতীতে বিমুখ থাকায় নারী ভোটারের সংখ্যা কম ছিল। এবার তার পরিবর্তন ঘটেছে। এর আগে গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তাতে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার ছিল।
উদ্বোধন হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ : এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য চালু হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে। এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে। অ্যাপে নিবন্ধিত ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে ‘না’ ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে। যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন, শুধু সেসব আসনের ভোটাররাই এই ‘না’ ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন। এর মধ্যে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। এ ছাড়া উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশানিয়া অঞ্চলের দুটি দেশে থাকা বাংলাদেশি ভোটাররা ২৪-২৮ নভেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। এদিকে ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। আর ৪ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সঙ্গে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। ভোটার যে নিজে ভোট দিয়েছেন, সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং স্বাক্ষর করবেন। যদি কোনো ভোটার শুধু ভোট দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশে পাঠান, সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট হিসেবেই গণ্য করবেন রিটার্নিং কর্মকর্তা। প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী ও দেশের ৭১টি কারাগারে বন্দি ও কয়েদিরা। তাদের জন্যও আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করবে ইসি।