× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাচ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা

আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:২২ পিএম

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাচ মন্ত্রী সৌজন্য সাক্ষাত করতে এলে তাকে এ কথা বলেন তিনি। 

বৈঠকে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ–নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ সহযোগিতা বিস্তারের নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। তিনি আরও জানান, আওয়ামী লীগ এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।

ইউনূস বলেন, পূর্বের ‘স্বৈরাচারী সরকারের’ অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তার ভাষায়, “এটি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। গণঅভ্যুত্থানের সময় দেয়ালে গ্রাফিতি ও চিত্র এঁকে যে তরুণেরা নিজেদের অবস্থান জানিয়েছিল, তারাই এবার ভোটকেন্দ্রে এসে নিজের অধিকার প্রয়োগ করবে।”

ডাচ ভাইস মিনিস্টার বাংলাদেশের নির্বাচন প্রস্তুতিকে প্রশংসা করে বলেন, স্বল্প সময়ে দায়িত্ব নেওয়ার পরও অন্তর্বর্তী সরকারের সক্ষমতা উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ দিয়েছে। তিনি বাংলাদেশের শ্রম আইন সংস্কারকেও স্বাগত জানান। গ্রোটেনহুইসের মতে, সাম্প্রতিক সংস্কার নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও বিনিয়োগ আকৃষ্ট করবে। চলতি মাসের শুরুতে অনুমোদন পাওয়ার পর এসব আইনে রাষ্ট্রপতি সোমবার স্বাক্ষর করেছেন।

তিনি আরও জানান, নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে চায়। তাঁর আশা, দ্রুতই এ চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশের প্রতি ডাচ বিনিয়োগ আরও বাড়বে।

গ্রোটেনহুইস বলেন, “পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এখন এই সম্পর্ককে সমতা ও অংশীদারত্বের ভিত্তিতে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে উন্নীত করতে চাই।” তিনি জানান, নেদারল্যান্ডসের বেশ কয়েকটি কোম্পানি যারা এত দিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, তারা এখন সরাসরি বিনিয়োগে আগ্রহী এবং দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে চায়। 

তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা