প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৭:২২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় সেবামূলক কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে এই কর্মসূচি আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিটির উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেখানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
বিএনপির নেতা–কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ২০২৪ সালের মার্চে ‘আমরা বিএনপি পরিবার’ নামের এই সেলটি গঠন করা হয়।
আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই এবং কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া শীত উপলক্ষে শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।