প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম
জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এডভোকেট নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এই রায়কে স্বাগত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিম কর্তৃক জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী, যদিও অবৈধ, এবং শাসক দল আওয়ামী লীগের সভাপতি তথা সুপ্রিম লিডারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদনণ্ডের আদেশ দিয়েছেন। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তাকে সাজা দেওয়া হয়। ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স মনে করে এই রায় যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাদের জন্যও একটা বার্তা।
এতে বলা হয়, ভারতের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে অবিলম্বে হস্তান্তর করতে হবে, তাদেরকে তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে না অর্থাৎ যে সমস্ত দেশে মৃত্যুদণ্ডের বিধান নাই সেখানে পাঠানোর কোনও হীন প্রচেষ্টা না নিতে আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অ্যালায়েন্স আরও মনে করে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের শাস্তি কম হয়েছে, এজন্য চিফ প্রসিকিউটরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করার আহ্বান জানানো হচ্ছে।