প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১২:১২ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গণভোট সংক্রান্ত প্রশ্নের বিষয়ে নানা ধরনের মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটে ৪টি বিষয়ের ভিতরে প্রায় ১৫টি প্রশ্ন রাখায় তা নিরক্ষর মানুষের জন্য সহজবোধ্য নয় বরং এটি হাস্যরসের পাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুল আলম সেলিম।
প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির বেশকিছু বিষয় নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দিন ধরেই টানাপোড়েন চলছে। মেইন স্টেকহোল্ডার বিএনপি কতগুলো বিষয় সম্পর্কে বলেছিল একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে ৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। জনগণের ভোগান্তি কমবে। নির্বাচন কমিশনের ঝক্কি-ঝামেলা কমে সুবিধা হবে। অপরদিকে কয়েকটি রাজনৈতিক দল দাবি করেছিল গণভোট আগে দিতে হবে তারপর সংসদ নির্বাচন। এখন প্রধান উপদেষ্টা একটা সুচিন্তিত নিদের্শনা দিয়েছেন ‘গণভোট ও সংসদ নির্বাচন একই দিন’। এটি এক হিসেবে জাতীয় সংকট থেকে উত্তরণের ভালো পদক্ষেপ।
এই অধ্যাপক বলেন, জাতীয় জুলাই সনদে অন্যান্য অনেক বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। যেমনÑ ৮৪টি বিষয় নিয়ে ঐক্যমত কমিশনে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। এসব বিষয়গুলো এখনও আলাপ-আলোচনা পর্যায়ে রয়েছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে, বিএনপি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ বলেছেনÑ ‘জুলাই সনদে যেটা স্বাক্ষর করা হয়েছে তার বাইরেও অনেক কিছু যুক্ত করা হয়েছে। এখানে তাদের আপত্তি রয়েছে। তবে স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনার পর এব্যাপারে বিস্তারিত জানানো হবে।’
অধ্যাপক ড. শামছুল আলম সেলিম বলেন, এর বাইরেও বেশকিছু বিষয় নিয়ে মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা মনে করি প্রশ্নবিদ্ধ এসব বিষয় নিয়ে সুন্দরভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এসব বিষয় নিয়ে আর মতপার্থক্য না করে বরং নির্বাচনের পথে এগিয়ে গেলে দেশ ও জাতির জন্য মঙ্গল। অর্থাৎ সবাই কিন্তু নির্বাচনমুখি হয়ে পড়েছে। একটা অপশক্তি আছে তারা দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা, বোমা বিস্ফোরণ, গাড়িতে হামলা, অগ্নিসংযোগ করছে। এসব অপকর্ম করে জনগণকে ব্যতিব্যস্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এ বিষয়টির উপর রাজনৈতিক দলগুলোকে সদা সতর্ক থাকতে হবে বলে প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভালো একটা নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করছি।
৪টি প্রশ্নে একটি ‘হ্যাঁ বা না’র বিষয় নিয়ে অধ্যাপক ড. শামছুল আলম সেলিম বলেন, আমাদের বেশিরভাগ জনগণ নিরক্ষর। তারা এ বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝবে না। তাই একটা অস্পষ্টতা থেকে গেছে। এমনকী অনেক শিক্ষিত লোকও এটা বুঝবে না। এর আগে দেশে দুটি গণভোট হয়েছে। তারমধ্যে একটি জিয়াউর রহমানের সময় হ্যাঁ বা না ভোট হয়েছিল তার প্রতি সমর্থন আছে কিনা তা জানতে। জুলাই সনদে ৪টি বিষয় নিয়ে নিরক্ষর জনগণ কী বুঝবে। তাদেরকে কে বোঝাবে? এখন বিতর্কৃত বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেখানে কী থাকবে? গণভোটে একটা বা দুইটা বিষয় থাকতে পারে। ৪টি প্রশ্নের ভিতর অনেকগুলো বিষয় যুক্ত করা হয়েছে। এতগুলো বিষয় থাকায় হাস্যরসের পাত্রে পরিণত হয়েছে।
এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, হ্যাঁ বা না ভোটের ব্যাপারে আরো আলাপ-আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করে ব্যালেট আকারে দেওয়া দরকার। কেননা এতগুলো বিষয় সেখানে যুক্ত করা ঠিক হবে না। যেমনÑ সেখানে লিখেছে আপনি জুলাই সনদে উচ্চকক্ষ চান কী চান না। এসব বিষয় দিলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। তাই রাজনৈতিক দলগুলোকে বসে একটি আলোচনায় আসতে হবে।