× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লকডাউনের নামে আতঙ্ক ছড়িয়ে গা ঢাকা দেয় তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ০৯:১৫ এএম

লকডাউনের নামে আতঙ্ক ছড়িয়ে গা ঢাকা দেয় তারা

সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করে ‘গা ঢাকা’ দিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ। রাজধানীতে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে ব্যস্ত ছিল তারা। এর আগে গত কয়েক দিনে ঢাকার কয়েকটি স্থানে যানবাহনে আগুন-ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। তবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর চিত্র ছিল অনেকটাই স্বাভাবিক। বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া কোনো নাশকতা ঘটেনি। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও নির্বিঘ্নে চলাচল করেছে সাধারণ নাগরিকরা। চলতে দেখা গেছে ব্যক্তিগত যানবাহনও। সরকারি-বেসরকারি অফিস, শপিংমল খোলা ছিল। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি চলাকালীন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দখলে। বিশেষ করে আদালত পাড়া (উচ্চ আদালত ও নিম্ন আদালত), বিমানবন্দর ও সচিবালয়সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এসব এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। 

ডিএমপির কর্মকর্তারা জানান, শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মানবতাবিরোধী মামলায় রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছিল, যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। নাশকতার চেষ্টার অভিযোগে গতকাল ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি। 

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের কারণে জনমনে কিছুটা আতঙ্ক ছিল। সে কারণে বৃহস্পতিবার গণপরিবহন কম চলেছে। তবে ব্যক্তিগত গাড়ি ছিল অনেক। সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান চালু ছিল। 

নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় সাঁজোয়া যান ও বিজিবি সদস্যদের। পাশাপাশি টহল জোরদার রাখে সেনাবাহিনীর সদস্যরাও। ঢাকায় ৭০টি টহল, ৪০টি চেকপোস্ট বসায় র‌্যাব। তৎপর ছিল গোয়েন্দারাও। আর রাজধানীর মোড়ে মোড়ে ছিল পুলিশ সদস্যরাও। অস্থায়ী চেকপোস্টে চালানো হয় তল্লাশি কার্যক্রম। অপ্রীতিকর পরিস্থিতি রোধে নিয়মিতদের পাশাপাশি বৃহস্পতিবার অতিরিক্ত ৭ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দেখা গেছে, প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট ও তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বিমানবন্দর এলাকায় বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ভবনের পাশে রাস্তায় তল্লাশি চৌকি পরিচালনা করে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। লকডাউন কর্মসূচিতে যান চলাচল কিছুটা সীমিত থাকলেও দুপুরের পর ধীরে ধীরে বাড়তে শুরু করে। পাশাপাশি মেট্রোরেল চলাচলও ছিল স্বাভাবিক। অফিস-আদালত খোলা থাকায় কর্মজীবীদের বের হতে হয়েছে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল খুবই কম। যেসব স্কুল-কলেজে ক্লাস চলেছে, সেখানে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। 

বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। রমনা বিভাগের পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। 

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে এবং বাইরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ভবনের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। এর মধ্যেই কিছু সময় পর পর মিছিল নিয়ে আসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবস্থানকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে একজনকে আটক করে পুলিশেও সোপর্দ করে। 

এদিকে দুপুর পর্যন্ত ধীরে ধীরে ঢাকায় যান চলাচল কিছুটা বাড়লেও দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ ছিল। সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে সীমিত পরিসরে বাস ছাড়লেও অগ্নিসংযোগের আশঙ্কায় অনেক পরিবহন মালিক বাস রাস্তায় নামাননি। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা জানান, কিছু বড় কোম্পানির অল্পসংখ্যক বাস চললেও অধিকাংশ মালিক আতঙ্কে বাস বন্ধ রেখেছেন এবং অগ্রিম টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। তবে দুপুরের পরে কিছু বাস ছেড়ে গেছে বলেও জানা গেছে।

রাজধানীতে ৪৩ জন গ্রেপ্তার : রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য। এদের মধ্যে গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট এস এম আবুল হোসেন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে লোক সংগ্রহকারী ও সংগঠক। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

এদিকে গত বুধবার মোহাম্মদপুর এলাকায়ও অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিভিন্ন স্থানের চিত্র : বগুড়ায় রেললাইনের ফিসপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে বোনারপাড়া-সান্তাহার রুটের সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেললাইনের দুটি ফিসপ্লেট খুলে রাখা হয়। রেলকর্মীরা ফিসপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। 

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, বৃহস্পতিবার সকালে শহরের মহিপাল এলাকা থেকে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে ৫ জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকরা হলেনÑ আরিফ হোসেন (১৯), আমির হোসেন জিহাদ (১৯), আবুল হোসেন শান্ত (১৯), নাদিমুর রহমান তাসিফ (১৯), জহিরুল ইসলাম রিফাত (১৯) ও শাহাদাত হোসেন (১৯)।

খুলনা সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় গত বুধবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ‎‎ভোরে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ও ভাঙচুরের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকরা হলোÑ আসিফ মিয়া (২৪), রুদ্র মিয়া (২৪), আশিক মিয়া (২৫), শাহীন আলম সম্রাট (২৭), জাহিদ হাসান নিশান (২৩), বিএম আব্দুল ওহাব শাহ (৪২) ও রাজু মিয়া (৫২)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

কিশোরগঞ্জে কটিয়াদীতে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রাম থেকে তাকে আটক করা হয়। কালা মিয়া লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

গাজীপুরে তিনজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময়ে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাস্টিকের সাদা চিকন পাইপ উদ্ধার করা হয়। গত বুধবার রাতে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলোÑ নোমান আহম্মেদ (২৪), আকাশ মাহমুদ (২৫), রাসেল আহম্মেদ (৩২)।

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সোয়া ১টার দিকে শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রামে বাইক শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড়, কাজির দেউড়িসহ নগরীর আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরায় নাওডোবা তস্তারকান্দি এলাকায় বৃহস্পতিবার সকালে চিনির ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। এর আগে একটি মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে রাহিন স্পেশাল নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক আটকিয়ে অবরোধ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় শিশুদের হাতেও লাঠিসোটা দেখা গেছে। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয়, যা চলে সকাল ১০টা পর্যন্ত।

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে তার ফেসবুক আইডি থেকে লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে সেই লাইভ ভিডিওতে দেখা যায়Ñ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। এতে শতাধিক স্থানীয় নেতাকর্মী দেশীয় অস্ত্রÑ রামদা, ঢাল ও সড়কি হাতে মহাসড়কে অবস্থান করেন। এ সময় নারীদের পাশাপাশি অন্তত ১০ জন শিশুকে হেলমেট পরে লাঠিসোটা হাতে দেখা যায়; তাদের মধ্যে এক শিশুকে হাতে রামদা নিয়ে স্লোগান দিতেও দেখা গেছে। এদিকে, বৃহস্পতিবার দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা লাগেজটি ফেলে পালিয়ে যায়। পরে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের লাগেজটি জব্দ করা হয়। পরে সেটি খুললে ৩২ বোতল পেট্রোল বোমা পাওয়া যায়। সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলের ভেতর পেট্রোল দিয়ে এসব বোমা বানানো হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশালের উজিরপুরে বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বাজারে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে গেছে।

প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খুলনা অফিস, উলিপুর (কুড়িগ্রাম), মধ্যাঞ্চলীয় অফিস, গাজীপুর, বরগুনা, চট্টগ্রাম অফিস, শরীয়তপুর, যশোর, ভাঙ্গা (ফরিদপুর) ও উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা