প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম
অধ্যাপক আলী রিয়াজ
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারকাজে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশ পর্যালাচনা ও গ্রহণে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে গত দশ মাস ধরে দায়িত্ব পালন করা আলী রিয়াজকে এবার উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর তালিকায় উপদেষ্টা পদমর্যাদার চতুর্থ ব্যক্তি যুক্ত হলেন। সবমিলিয়ে নয়জন হলেন ইউনূসের বিশেষ সহকারী।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর তালিকায় উপদেষ্টা পদমর্যাদায় আছেন আরও তিন জন। তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল (অ.) আব্দুল হাফিজ, যিনি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী; আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে সরকারশূন্য পরিস্থিতিতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারকাজে মোট ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে জনপ্রশাসন, পুলিশ, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন—এই ছয়টি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ পর্যবেক্ষণ ও গ্রহণের জন্য ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে সভাপতি ছিলেন ড. ইউনূস, আর সহসভাপতি হন আলী রিয়াজ, যিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।
গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালনের সময় আলী রিয়াজ উপদেষ্টার পদমর্যাদার বেতনভাতা ও সুযোগ সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।