বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ০০:০২ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব আমরা’ শীর্ষক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দশটায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরবর্তীতে, ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় তাদের ‘আবু সাইদের বাংলায়— চাঁদাবাজের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় —চাঁদাবাজের ঠাঁই নাই, দিল্লিদাসীর পায়তারা—করতে হবে দেশছাড়া’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলে ঢাবির সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, ‘জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে— ঠিক সেই মুহূর্তে বিএনপির মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবেন।
আজিজুল হক আরও বলেন, ছাত্রজনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা কি আপনার ব্যক্তিগত নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন।
ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী বক্তব্য ও গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন জাতির জন্য লজ্জাজনক।’