প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫ ২২:১০ পিএম
ছবি: সংগৃহীত
আবারও বাড়ানো হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন পাওয়া কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২-এর অধীন অপরাধগুলো আমলে নিয়ে সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তারা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
দেশে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। প্রথমে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তা) এ ক্ষমতা দেওয়া হয়।