রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আর আগামীকাল (রবিবার) রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিসে যাব। আমি এসেছি এই দুটি কাজে।
শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী কারিগরি ও রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। এ সময় তিনি দুটি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সারা দেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আছে। টিটিসিগুলো ভালো চলছে। এখানে যারা কাজ করেন, কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত, সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।
রাজশাহী নগরীর প্রশংসা করে আসিফ নজরুল বলেন, এমনিতে রাজশাহীতে এলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।
পরে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশে রওনা দেন এ উপদেষ্টা। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ দুই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।