প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ০০:২৪ এএম
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট আরিফুল হক সাহেবকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তিনি ট্রাফিকের মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন।
আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে আরিফুলকে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত শুক্রবার দুপুরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মিরপুর এলাকায় গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল। কুশলাদি বিনিময়ের সময় পুলিশের পোশাক পরা অবস্থায় রিজভীর পা ছুঁয়ে সালাম করেন আরিফুল। এ ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে পড়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অপেশাদার আচরণের কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।