× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি

দলগুলোর সমঝোতার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি নেই

দীপক দেব

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১১:০০ এএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ১১:০০ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে সৃষ্ট সংকট নিরসনে নিজেদের মধ্যে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় বেঁধে দেওয়া হলেও ইতিবাচক কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আলোচনার জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে তৃতীয় দিনের মাথায় দুই সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ ছাড়া নিজেদের মধ্যে আলোচনা করেছে গণতন্ত্র মঞ্চসহ ৯টি রাজনৈতিক দল। তবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিন পার হলেও বিএনপির পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। উল্টো সরকারের এই আহ্বানের সমালোচনা করছেন দলটির নেতারা।

অন্যদিকে দাবি আদায়ে গতকাল থেকে মাঠে কর্মসূচি শুরু করেছে জামায়াতসহ ইসলামী আট দল। দাবি মেনে নেওয়া না হলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে কর্মসূচি থেকে। সব মিলিয়ে ঐকমত্যভাবে সমাধানের রাস্তা এখনও দৃশ্যমান নয়। এদিকে দলগুলো নির্ধারিত সময়ে কোনো সমঝোতায় পৌঁছতে না পারলে সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে। এ নিয়ে সরকারের প্রস্তুতিও চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের পক্ষ থেকে সাত দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছে, তা আমলে নিয়ে গণতন্ত্র মঞ্চসহ ৯টি দল একটা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএনপির সঙ্গে আগে বৈঠক করতে চায় দলগুলো। এজন্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির দুয়েকজনের সঙ্গে কথা বলেছেন আলোচনার উদ্যোগ নেওয়া দলগুলোর নেতারা। তবে বিএনপির খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না বলে সূত্র জানায়।

এ ছাড়া জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির যেসব বৈঠক হয়েছে, তাতে নেতৃত্ব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির পক্ষ থেকে তিনিই বিষয়গুলো দেখাশোনা করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সালাহউদ্দিন বিদেশে অবস্থান করছেন। তাকে ছাড়া আলোচনা কীভাবে সম্ভব হবে? এদিকে সরকার সাত দিন সময় বেঁধে দেওয়ায় সালাহউদ্দিনের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিকালে দলটির সঙ্গে বৈঠক করবেন ৯ দলের নেতারা। এরপর জামায়াতের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও রাখা হচ্ছে।

এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় বসানোর চেষ্টা করছি। কিন্তু অগ্রগতির সম্ভাবনা খুবই ক্ষীণ।

যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, রাজপথে কর্মসূচি দেখছি, ঘেরাও কর্মসূচি হলো। আগামী ১০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১১ নভেম্বর ঢাকা অচল করে দেওয়া হবে। তার মানে রাজনৈতিক বিষয়টা রাজনীতির মধ্যে থাকছে না। এটা মাঠে বলপ্রয়োগ ও শক্তিপ্রদর্শনের বিষয় হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিএনপির সঙ্গে এরই মধ্যে যোগাযোগ হয়েছে। সালাহউদ্দিন সাহেব বিদেশে আছেন, তাই আলোচনায় বসা সম্ভব হয়নি। শুক্রবার বিকালে বিএনপির সঙ্গে বসা হতে পারে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে গণতন্ত্র মঞ্চে থাকা একটি দলের শীর্ষ নেতা বলেন, আলোচনার বিষয়ে বিএনপি আসলে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। আমাদের চাপাচাপিতে তারা বৈঠকে বসতে পারে। তবে এখান থেকে সমাধান আসবে বলে মনে হচ্ছে না।

এদিকে সরকারের একাধিক সূত্র জানায়, আইন মন্ত্রণালয় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ প্রণয়নে কাজ শুরু করেছে। আগামী সপ্তাহে এই কাজ সম্পন্ন হতে পারে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ‘অনানুষ্ঠানিক’ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি নাÑ জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আন–অফিসিয়ালি (অনানুষ্ঠানিক) কিছু তো ডিসকাশন হচ্ছে। সাতটা দিন তাদের জন্য বলা হয়েছে। এখন পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন (সিদ্ধান্ত) না নেয়, তো আগেই আইন উপদেষ্টা বলেছিলেন যে, সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিজেই একটা ডিসিশন নেবে। আর কী ডিসিশন হবে, সে বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। আমরা আশা করব, পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা নিজেরাই পুরো বিষয়গুলোতে একটা ডিসিশনে আসবে।’

এদিকে এ প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুর্ভাগ্যের কথা, হঠাৎ দেখা গেল, এই উপদেষ্টা কমিটি একটা উপদেষ্টামণ্ডলী সভা করলেন, সভা করার পরে আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন, যে বিষয়গুলো এখনও সমাধান হয়নি, সেগুলো সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা তো প্রত্যেকটা সভায় গেছি। প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে, রাজনৈতিক দলগুলোকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে! তাহলে আপনারা কী করলেন এতদিন ধরে?’

উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে স্মারকলিপি দিয়েছে জামায়াতসহ আটটি ইসলামী দল। আট দলের ৯ জন নেতা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন।

কর্মসূচি থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ নভেম্বর আটটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ হবে। ঢাকার মহাসমাবেশ লাখ লাখ জনতার পদভারে মুখর হওয়ার আগে সরকার যেন পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের গণ-আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে। তা না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা