প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে।
জোনায়েদ সাকি ছাড়াও গণসংহতি আন্দোলনের ঘোষণা করা প্রার্থীদের মধ্যে রয়েছে, পাবনা-৪ ও ঢাকা-১০ থেকে আবুল হাসান রুবেল, ঢাকা-১২ থেকে তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯ থেকে হাসান মারুফ রুমী, বরিশাল-৫ থেকে দেওয়ান আব্দুর রশীদ নীলু, নারায়ণগঞ্জ-৫ থেকে তরিকুল সুজন, ঢাকা-৭ থেকে মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩ থেকে বাচ্চু ভূঁইয়া, পাবনা-২ থেকে জুলহাসনাইন বাবু, রাজশাহী-২ থেকে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, লালমনিরহাট-২ ও ৩ থেকে দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬ থেকে আলিফ দেওয়ান, নাটোর-১ থেকে সেন্টু আলী, ময়মনসিংহ-১০ থেকে একেএম শামসুল আলম, রংপুর-২ থেকে মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩ থেকে তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪ থেকে সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪ থেকে মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫ থেকে মোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ), চট্টগ্রাম-৪ থেকে জাহিদুল আলম আল-জাহিদ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, ‘প্রগতিশীল, উদার ও মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান।’
নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। তার মতে, জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।