গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৩৫ পিএম
নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো
গুজব নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পাশ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, তবে আপনাদের (সাংবাদিকেরা) সত্য ঘটনা প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে। তারা মিথ্যা তথ্য রটালে সেটি প্রতিহত করার আপনারা সঠিক মাধ্যম।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাস্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে। কার্যক্রম নিষিদ্ধ দুষ্কৃতকারীরা যেনো কোন কার্যক্রম চালাতে না পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার।
এসময় তিনি কার্যক্রম নিষিদ্ধ দলের ছড়ানো গুজবের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল অনেক সময় অনেক গুজব রটাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটিও আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। এছাড়াও যারা জামিনে মুক্তি পাচ্ছে তারা যদি অন্যায় করে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।
নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা ছিল। পাশাপাশি গাজীপুরের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কতগুলো ফ্যাক্টর রয়েছে, তবে জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন সকল অপপ্রচার ও চেষ্টা বিফলে যাবে।
নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচন কমিশনের ভূমিকার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত চেষ্টা থাকলে নির্বাচনে কোন সমস্যা হবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য অধিদপ্তরসহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ।