প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ০৯:৫২ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত
মাসের প্রথম দিন বরিশাল ও চট্টগ্রাম ছাড়া দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বেশ ভারী বৃষ্টি হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এমনকি আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (রবিবার) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।