প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ১৭:৫৭ পিএম
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। আগামী বছর ৩০ জুন পর্যন্ত এই ৮ মাস নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময় ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পোনা এখন উপকূলীয় নদী ও মোহনাগুলোতে বেড়ে উঠছে। এসব পোনা সুরক্ষিতভাবে বৃদ্ধি পেলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করবে মৎস্য অধিদপ্তর।