প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১১:০৫ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫ ১১:২৯ এএম
ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই দুর্বল হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে। তবে ঝড়টির প্রভাবে বাংলাদেশের আকাশে মেঘলা ভাব ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহসহ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। বৃষ্টি কমে গেলে আগামী রোববার থেকে দেশের বেশির ভাগ স্থানে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় বাতাসের গতি কিছুটা বেড়েছে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, 'ঘূর্ণিঝড় মোন্থার কারণে বৃষ্টির প্রভাব শুক্রবার ও শনিবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।'
গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার সময় ঘন্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। পরে স্থলভাগে ঢুকে এর শক্তি ক্রমেই ক্ষীণ হতে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে অক্টোবর-নভেম্বর মৌসুমে এমন ঘূর্ণিঝড় প্রায়ই তৈরি হয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এসব ঘূর্ণিঝড়ের ঘনত্ব ও গতি আগের তুলনায় বেড়ে গেছে।