যান্ত্রিক ক্রুটি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাই নিরাপত্তার স্বার্থে বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে এই অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি। তিনি জানান, আপাতত উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির সূত্র বলছে, আজ ফার্মগেটে দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় কিছুটা কম্পন অনুভব করেন চালক। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরই এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে। ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চালুর সম্ভাবনা নেই বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।
এর আগে গত রবিবার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। দুর্ঘটনার পর পরই পুরো রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে ধাপে ধাপে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়—দুপুর তিনটার দিকে উত্তরা থেকে আগারগাঁও অংশে এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।
পরবর্তীতে বিয়ারিং প্যাড স্থাপন শেষে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পুরো রুটে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে একই ধরনের একটি ঘটনায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।