প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২৩:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ গ্রহণকারীদের তার আগের কর্মকাণ্ড মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।বুধবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন। আর সাক্ষাৎকারটি তারা এখনও পড়েননি। পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন। তিনি বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। এ ছাড়া আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।
বুধবার যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জনের কথা বলেছেন, এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি নাÑ এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারা মনে করছেন না। প্রেস সচিব আরও বলেন, যে ক্লেইমগুলো (দাবিগুলো) উনি (শেখ হাসিনা) করেন, সেটা যেন আনকনটেস্টেড (একপক্ষীয়) না থাকে। একটি লোকাল নিউজ মিডিয়ায়ও দেখা গেছে যে, আইসিসিতে তার পার্টি একটি ক্লেইম করছে, সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন, তার কোনো ধরনের মেনশন (উল্লেখ) নেই। এটি দুর্ভাগ্যজনক। আরও দেখা গেছে, আওয়ামী লীগ ক্লেইম করছে ৪০০ জন মারা গেছে। সেটাও আনকনটেস্টেড দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, দেশের টাকা চুরি করে নিয়ে ইউকের (যুক্তরাজ্যের) সবচেয়ে দামি ল ফার্মকে হায়ার করে এ ধরনের কাজ তারা করছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোট করছে।