প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১১:১৭ এএম
ফাইল ফটো
ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হেনে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেলের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। মোন্থার প্রভাবে আজ খুলনা বিভাগসহ দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ সকালে বলেন, মোন্থা দ্রুতই দুর্বল হয়ে গেছে। এর প্রভাব যতটা পড়বে বলে ধারণা করা হয়েছিল, ততটা না–ও হতে পারে। মোন্থা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বিকেলের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় বা এখনকার গভীর নিম্নচাপের প্রভাব বাংলাদেশের উপকূলে তেমন পড়বে না বলেই মনে হচ্ছে। এর প্রভাবে বিশেষ করে খুলনা বিভাগে আজ বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কিছু স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে ঘূর্ণিঝড়র মোন্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে দেওয়া সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।